রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে সেকান্দার আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) রাত ২টার দিকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেকান্দারের ভাই আমির আলী জানান, তাদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে। তিনি স্ত্রী মাহফুজা ও তিন সন্তানকে নিয়ে রামপুরার উলনবাজার এলাকায় থাকতেন। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন। শাহজাহানপুর ভাঙারি গলিতে সেকান্দারের দুটি অটোরিকশা রয়েছে।
আমির আলী আরও জানান, রাত ১১টার দিকে শান্তিবাগ ভাঙারি গলিতে মামুন ওরফে বুলেট মামুন, আকিশোন, মামুনের শালা হান্নানসহ কয়েকজন সেকান্দারকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে সেখান থেকে সেকান্দারকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতকরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।
এর আগেও সেকান্দার কয়েকবার তাদের মাদক সেবনে বাধা দিয়েছিলেন। গত রোববার মামুনসহ কয়েকজন সেকান্দারকে মারার জন্য খুঁজছিল। সোমবার রাতে একা পেয়ে তারা সেকান্দারের মাথা, গাল ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com