
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে নিরাপদ পারাপারের ব্যবস্থা ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদল আহ্বায়ক রুবেল গোমস্তা এবং যুবদল নেতা এনামুল হকসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ বা স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।
তারা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯ ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com