আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

গ্রিন লাইফে ‘চিকিৎসায় অবহেলায়’ রোগীর মৃত্যু

রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ‘চিকিৎসায় অবহেলায়’ এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের দাবি, প্রধান চিকিৎসক অস্ত্রোপচার শুরুর অনেক পরে ওটিতে গিয়েছেন। এ ছাড়া ওপেন হার্ট সার্জারির কিছু সময় পর রোগীর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারকে না জানিয়ে এ নিয়ে গড়িমসি করেছে।

স্বজন ও হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, বুকে ব্যথা নিয়ে গত সপ্তাহে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মোশাররফ হোসেন (৫৫)। গত শনিবার সন্ধ্যায় তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়। অস্ত্রোপচারের পর রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এর কিছুক্ষণ পর অবস্থার অবনতি হলে তাঁকে আবার অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। একপর্যায়ে সেখানেই তাঁর মৃত্যু হয়।

মোশাররফ হোসেনের মৃত্যুর ঘটনায় গতকাল রোববার সকালে গ্রিন রোডের হাসপাতালটিতে বিক্ষোভ করেছেন তাঁর আত্মীয়স্বজন। এর আগে শনিবার রাতে প্রয়াত মোশাররফের ছেলে লিটু হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর বাবাকে অপারেশন থিয়েটারে নেওয়ার সময় প্রধান চিকিৎসক অধ্যাপক ডা. এ কে এম মনজুরুল আলম অনুপস্থিত ছিলেন। অস্ত্রোপচার শুরুর দেড় ঘণ্টা পর তিনি সেখানে যান।

চিকিৎসক দলের একজন সদস্য বলেন, ‘চিকিৎসার প্রটোকল মেনেই অস্ত্রোপচার করা হয়েছে।’

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মঈনুল আহসান বলেন, ‘আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাঁরা আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাবেন, সেটাই প্রত্যাশা করি।’

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img