
বিচার ব্যবস্থাকে আধুনিক ও জনবান্ধব করতে ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেছেন, আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থান।
সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় আয়োজিত বিচার বিভাগের ডিজিটাল রূপান্তর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আইনের শাসনের পাশাপাশি প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে সকালে বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম নিজ জেলা সফর। সফরে তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সকালে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে তিনি বেলা ১১টার কিছু পর বগুড়ায় পৌঁছান। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রীকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।



