
মতিঝিল প্রতিনিধিঃ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে অজ্ঞাত একজন দিনমজুর (পুরুষ, ৪৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক ( এসআই) মোঃ জহুরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আশ-পাশের লোকজনের মুখে জানতে পারি ওই দিনমজুর গরমের কারণে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



