
মো. আরিফুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাঘাইছড়ি উপজেলায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ।
আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।
তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান সাধারণ ভোটাররা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।
বাঘাইছড়ি উপজেলার মোট ০৯ (নয়) জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ০২ (দুই) জন, ভাইস চেয়ারম্যান পদে ০৫ (পাঁচ) জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০২ (দুই) জন প্রার্থী অংশ নিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করবেন বর্তমান চেয়ারম্যান সুদর্শন চাকমা এবং আনারস প্রতীকে বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অলিভ চাকমা। ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা এবং প্রজাপতি প্রতীকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা নির্বাচন করবেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে ৫ জন প্রার্থী তারা হলেন বই প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, তালা প্রতীকে সাবেক ভাইস চেয়ারম্যান দিপ্তীমান চাকমা, টিউবওয়েল প্রতীকে মনসুর আলী, উড়োজাহাজ প্রতীকে নিখিল জীবন চাকমা এবং চশমা প্রতীকে আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তথ্য সূত্রে বাঘাইছড়ি উপজেলার ১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে ৩৯ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭৮০২৯ জন।



