
নোয়াখালী জেলা শহর মাইজদীতে পিকআপচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর পিকআপটি আটকানো হলেও চালক পালিয়ে যান।
নিহতরা হচ্ছেন— নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের অমেশ কুমারের ছেলে অভি দেবনাথ (২৪) ও কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২৮)।
শুক্রবার (১৬ জানুয়ারী) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান হৃদয় চন্দ্র শীল। এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে ঘটনাস্থল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে মারা যান অন্য আরোহী অভি।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালী সদর উপজেলার বিনোদপুরের উদ্দেশ্যে রওনা করেন দুই মোটরসাইকেল আরোহী। তাদের মোটরসাইকেলটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে পৌঁছলে ফোর লেন সড়কের টার্নিং দিয়ে ইউটার্ন নেয়ার সময় একটি মুরগিবাহী পিকআপ সামনে থাকা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অভি দেবনাথ। পরে স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পিকআপ চালক পলাতক রয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।”



