
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দায় পাঁচদিনব্যাপী বহুমুখী পাটপণ্য উৎকর্ষতা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। রবিবার সকালে গোল্ডেন জুট প্রডাক্টের হলরুমে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ও বিজনেস প্রমোশন কাউন্সিল-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আফরোজা পারভীন, জেলা প্রশাসক, রাজবাড়ী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম, স্বত্বাধিকারী, গোল্ডেন জুট প্রডাক্ট, বাবুল চন্দ্র দে, সাবেক সচিব এবং প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
কর্মশালায় বহুমুখী পাটপণ্য ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে পণ্যের ডিজাইন, ডাইং, কাটিং, সেলাই (সিউং) এবং বিপণন পদ্ধতি বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এতে ৩০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করছেন। কর্মশালায় পাটজাত কাঁচামালের পাশাপাশি হোগলা, গোলপাতা, কচুরিপানা, খড়সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।
আয়োজকরা জানান, আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এ কর্মশালা চলবে এবং অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ শেষে নিজ নিজ পর্যায়ে উদ্যোক্তা হিসেবে কাজ করতে সক্ষম হবেন।



