
টাঙ্গাইল (সখীপুর) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৬নং কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জামাল মিয়ার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ও ইউনিয়নের ১০ মেম্বার। বুধবার (৮ মে) বিকালে সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্যরা।
ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে
চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, অশ্লীল কথাবার্তা, অসদাচরণ ও অর্থ আত্মসাৎ, চেয়ারম্যান পদে শপথ গ্রহণের পর থেকে মানুষকে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, টিসিবি কার্ড দিয়ে টাকা আত্মসাৎ, বিজিএফ এর কাজে অনিয়ম, গ্রাম পুলিশ নিয়োগে অর্থ গ্রহণ ও নানা অনিয়মসহ মোট ১০টি বিষয়ে অভিযোগ আনা হয়। ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান স্বাক্ষরিত
লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম।
চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এনে ইউপি
সদস্যগণ -ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, তার ছেলে আলমগীর হোসেন চান ও চেয়ারম্যানের পিএস মোঃ লুৎফর রহমানের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
এর আগে গত ২ মে ইউপি সদস্য মো. হাবিবুর রহমানকে আহ্বায়ক করে এক জরুরি সভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেয় ৯ মেম্বার। তার বিরুদ্ধে ওই ৯ মেম্বার স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।



