
দীর্ঘ অপেক্ষার পর বগুড়া পৌরসভা আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে। দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে এই উদ্বোধনী ঘোষণা দেওয়া হয়।
বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার আলোচনা বহু বছর ধরে চলমান ছিল। ২০০৬ সালে তৎকালীন সরকার পৌর এলাকার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে পৌরসভার আয়তন বৃদ্ধি করে ৬৯.৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে। তখন ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১টি করা হয়।
পরবর্তী সময়ে বগুড়াকে সিটি কর্পোরেশনে রূপান্তরের পরিকল্পনা থাকলেও প্রশাসনিক জটিলতার কারণে তা বাস্তবায়িত হয়নি। বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এ দাবি জানানো হলেও আগের সরকারের আমলে বিষয়টি অগ্রগতি পায়নি।
পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব দেন। এরপর স্থানীয় মতামত গ্রহণ, আপত্তি নিষ্পত্তি এবং প্রস্তাবনা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে। তবে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়া সিটি কর্পোরেশন যাত্রা শুরু করল।



