আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত

সংসারের অভাব ঘোচাতে আর বুকভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন দূর প্রবাসে। কিন্তু সেই স্বপ্নের ডানা মেলার আগেই থেমে গেলো এক তরুণের জীবনযাত্রা। ইতালির মিলান শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মাদারীপুরের ডাসার উপজেলার যুবক বেল্লাল বেপারী (২৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে মিলানের একটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত বেল্লাল বেপারী ডাসার উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে।

মৃত্যুর খবর পূর্ব খান্দুলী গ্রামে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা ইউনুস বেপারী ও মা বাকরুদ্ধ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস।

পরিবারের হাল ধরতে বড় স্বপ্ন নিয়ে মাত্র ৯ মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান তিনি। ধারদেনা করে বিদেশে গিয়ে চেয়েছিলেন বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে। কিন্তু উপার্জনের শুরুতেই এমন মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়েছে তার পরিবার।

বেল্লালের চাচাতো ভাই বিএম রতন বেপারী জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান ছিল বেল্লাল। তাকে ঘিরেই ছিল আমাদের সব আশা-ভরসা। এত অল্প সময়ে এভাবে চলে যাবে, তা কেউ ভাবেনি।

এ বিষয়ে ডাসার থানার ওসি তরিকুল ইসলাম বলেন, প্রবাসী বেল্লাল বেপারীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা পরিবারের খোঁজখবর নিচ্ছি। লাশ দেশে আনার বিষয়ে কোনও সহযোগিতা প্রয়োজন হলে প্রশাসন পাশে থাকবে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img