
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোটের ফলাফল ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়ার পর সরকার জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে। তিনি বলেন, জনগণ সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আগামীর নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে।
রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর একে স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছেন। তবে মনে রাখতে হবে, জনগণ আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সামনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের যেসব নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে জামায়াতে ইসলামী অংশ নেবে এবং জনগণ তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করবে।
রমজান মাসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পবিত্র কোরআন রমজান মাসেই নাজিল হয়েছে। এটি শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কোরআনের নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি তাকওয়াবান ও সৎ ব্যক্তিদের নিয়োগ দেওয়া যায়, তাহলে সমাজ থেকে অন্যায়-অবিচার, দুর্নীতি ও শোষণ অনেকাংশে কমে যাবে। ওসি, ডিসি, এমপি ও মন্ত্রীসহ দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা যদি ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু হন, তাহলে সমাজে অনিয়মের সুযোগ থাকবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ইসলামী মূল্যবোধের পক্ষে একটি জনমত তৈরি হয়েছিল এবং মানুষ সেই অনুযায়ী ভোটও দিয়েছিল। কিন্তু সেই ভোটের প্রতিফলন দেখা যায়নি।
বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগর নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি নেয়ামুল হাসান নাঈম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক। অনুষ্ঠানে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের জেলা ও মহানগরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।



