
ঢাকার ধামরাইয়ের কালামপুরে এনসিপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে কালামপুর বাসস্টেশন এলাকার হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় ঢাকা জেলা উত্তর এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয় উদ্বোধনের পর বক্তব্য চলাকালে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে অপর গ্রুপের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ উপস্থিত ছিলেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাবিলা তাসনিদ অভিযোগ করে বলেন, ‘দলের ভেতরের কিছু স্বার্থান্বেষী ব্যক্তি পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। কমিটি গঠনের পর তাদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তারা এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছে।’
তিনি আরও জানান, সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন, যার মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
এ বিষয়ে পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।



