আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

সড়কের ফুটপাত ব্যবহার যেন অনুপযোগী হয়ে না পড়ে, সেজন্য সংখ্যা কমিয়ে এলাকাভিত্তিক তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের সরকার লাইসেন্স দেবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

মো. আবদুস সালাম বলেন, ঢাকা মহানগরীর নাগরিক সব সুবিধা তখনই পাওয়া সম্ভব হবে যখন জনগণ এবং সিটি করপোরেশন ফিফটি ফিফটি কাজ করবে। যেকোনো ব্যবসা করতে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে, ফুটপাতে ব্যবসা করলেও আইনি প্রক্রিয়ায় তা করতে হবে।

তিনি বলেন, ফুটপাতে অস্থায়ী ব্যবসা করতে হলে সিটি করপোরেশন থেকে লাইসেন্স নিতে হবে। বর্তমানে আমরা পুলিশের সহযোগিতায় এলাকাভিত্তিক হকারদের তালিকা তৈরি করছি। তালিকা সম্পন্ন হলে নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার অনুমতি দেয়া হবে। এছাড়া আমরা ‘হলিডে মার্কেট’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনা করছি। আমরা কাউকে উচ্ছেদ নয়, পুনর্বাসন করতে চাই।

ঢামেকের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে; তবে তা যেন রক্ষা করা যায়, তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, অল্প জায়গায় অধিক দোকান যাতে বসতে না পারে সেজন্য হকার কোথায় বসবে সেটার গাইডলাইন দেয়া হবে। এক সপ্তাহের মধ্যে পুলিশ জরিপ করে শৃঙ্খলা আনার বিষয়ে কাজ করা হচ্ছে।

রাজপথে কেউ কিছু ফেলব না; এই শপথ নিতে হবে প্রতিটি নাগরিককে, তাহলেই ঢাকা শহরকে পরিষ্কার রাখা সম্ভব বলেও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি আরও বলেন, রাষ্ট্রের মুখমণ্ডল ঢাকাকে পরিষ্কার রাখতে হবে। চিকুনগুনিয়া, ডেঙ্গু আসার আগেই সবার নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img