
ইরানের বন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি নজরদারির কারণে অন্তত ২৩টি জাহাজকে মাঝপথ থেকে ফিরে যেতে হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শনিবার (১৮ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, অবরোধমূলক তৎপরতা শুরুর পর থেকে এসব জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে তাদের গন্তব্য পরিবর্তন করে ইরানের দিকে ফিরে গেছে।
গত ১৩ এপ্রিল থেকে ইরানের উপকূলীয় অঞ্চল ও বন্দরগুলোতে কড়া নজরদারি শুরু করে ওয়াশিংটন। সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এ তথ্য প্রকাশ করা হলো।
এর আগে ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা দিলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে পড়ে। যদিও যুক্তরাষ্ট্র সরাসরি ওই প্রণালিতে অবরোধ আরোপ করেনি, তবে ইরানের বন্দরগামী জাহাজগুলোর ওপর কঠোর পর্যবেক্ষণ চালাচ্ছে মার্কিন নৌবাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাময়িক শিথিলতার সময় অন্তত ৯টি জাহাজ গুরুত্বপূর্ণ এই নৌপথ অতিক্রম করতে সক্ষম হয়।
বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিকে ঘিরে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



