আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

নবীগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ২০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জমি দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মঞ্জুর মিয়া (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (১৯ এপ্রিল) সকালে সংঘটিত এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত মঞ্জুর মিয়া উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে খলিলুর রহমান দীর্ঘদিন ধরে সরকারি জমিতে ঘরবাড়ি নির্মাণ করে ভোগদখলে ছিলেন। একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হেলাল মিয়া ও বাবরু মিয়ার ছেলে মনিরুজ্জামান ওই জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

এর জেরে রোববার সকালে হেলাল মিয়া ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমি দখলের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে মঞ্জুর মিয়াসহ অন্তত ২০ জন আহত হন।

আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রয়েছেন সাফি মিয়া (৩২), মুজিবুর রহমান (৩২), শামিম মিয়া (৫০), মামুন মিয়া (৩১), জুনেদ মিয়া (২৮), রুহেল মিয়া (৩৮), ইমন মিয়া (১৭), কাউছার মিয়া (২২), জুয়েল আহমেদ (৩২) ও মামুন মিয়া (২৬)। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের বাবা খলিলুর রহমান অভিযোগ করে বলেন, প্রায় ৫০ বছর ধরে তারা ওই জমিতে বসবাস করছেন। প্রতিপক্ষ তাদের উচ্ছেদ করতে মরিয়া হয়ে ওঠে। রোববার সকালে ভাড়াটিয়া লোকজন নিয়ে হামলা চালিয়ে তার কলেজপড়ুয়া ছেলেকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। রোববার সকালে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর মঞ্জুর মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করা হয়।

পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img