
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো বাস্তব সংকট নেই; বরং কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে। পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হলেও কিছু অসাধু মহল পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউট-এ ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হাজার লিটার ডিজেল মজুদ করে রাখার ঘটনা উদঘাটন ও জব্দ করা হয়েছে—যা কৃত্রিম সংকট তৈরির সুস্পষ্ট প্রমাণ।
মন্ত্রী আরও বলেন, সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। যদিও বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে দেশের ভেতরে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই।
অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।



