আজ বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

বুধবার, এপ্রিল ২২, ২০২৬

অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সুখবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অব্যবহৃত মোবাইল ইন্টারনেট ডাটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গ্রাহকের স্বার্থ বিবেচনায় ডাটা মেয়াদ সংক্রান্ত বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদে বিরোধী দলের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ১১ কোটির বেশি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর চাহিদা ও ব্যবহার প্যাটার্ন ভিন্ন হওয়ায় অপারেটররা বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে থাকে। এসব প্যাকেজের ক্ষেত্রে মেয়াদ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে।

তিনি আরও জানান, মোবাইল ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। এ সমস্যা সমাধানে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারনেট সেবার দাম, নেটওয়ার্ক ব্যয় এবং প্রযুক্তিগত কারণে অপারেটররা সময়ভিত্তিক প্যাকেজ চালু রাখে। বিশ্বের অধিকাংশ দেশেই একই ধরনের ব্যবস্থা প্রচলিত রয়েছে।

তিনি জানান, বিটিআরসি’র নিয়ম অনুযায়ী গ্রাহক চাইলে একই প্যাকেজ পুনরায় ক্রয় করলে বা অটো রিনিউ করলে অব্যবহৃত ডাটা ব্যবহার করা যায়। এছাড়া দীর্ঘমেয়াদি প্যাকেজও চালু রয়েছে, যা কার্যত মেয়াদবিহীন সুবিধার মতো।

এছাড়া রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক ইতোমধ্যে আনলিমিটেড মেয়াদের কয়েকটি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে, যেখানে নির্দিষ্ট ডাটা শেষ না হওয়া পর্যন্ত মেয়াদ শেষ হয় না।

সরকার বলছে, ভবিষ্যতে গ্রাহকবান্ধব আরও উন্নত ডাটা প্যাকেজ চালুর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img