
দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়তে থাকায় ১৪টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এ পরিস্থিতি আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়াসহ রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে।
তবে একই সঙ্গে আবহাওয়ায় আংশিক পরিবর্তনের ইঙ্গিতও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু অংশ এবং রংপুর ও চট্টগ্রামের বিচ্ছিন্ন এলাকায় দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন না হলেও কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববারের দিকে আবহাওয়ার পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে। এর মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে সারাদেশে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে।



