আজ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শনিবার, মে ৩০, ২০২৬

যশোরের হাটে আলোচনায় ১৩শ কেজির ‘নেইমার’

সুউচ্চ দেহ। আকর্ষণীয় গঠন। মাথায় ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মতো চুলের বিশেষ স্টাইল!

শুরুর বর্ণনা পড়লে মনে হবে বিশ্বখ্যাত কোনো ফুটবলারের কথা বলছি। আসলে, না। বলছি, কোরবানির হাট কাঁপাতে আসা এক রাজকীয় ষাঁড়ের কথা।

ঈদকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলায় প্রস্তুত করা শিংবিহীন বিশালাকৃতির এই ফ্লেকভি জাতের ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘নেইমার’।

৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ‘জীবন্ত পাহাড়ের’ ওজন বর্তমানে প্রায় ১৩শ কেজি (৩৩ মণ)। আর মাঠের নেইমার যেমন চড়া দামে ট্রান্সফার হন, তেমনি এই ‘নেইমার’-এর দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা!

অভয়নগর উপজেলার ডাঙ্গামশিহাটি গ্রামের খামারি নিরাঞ্জন পাড়ে গত তিন বছর ধরে অত্যন্ত আদর-যতেœ এই বিশাল তারকাকে লালন-পালন করেছেন।

সুউচ্চ দৈহিক গঠন আর মাথার সামনের অংশে ভিন্নধর্মী হেয়ার স্টাইলের কারণে সহজেই এটি অন্য সব গরুর থেকে আলাদা নজর কাড়ছে।

তবে ফুটবল মাঠের নেইমার একটু ছোঁয়া পেলেই পড়ে যাওয়ার জন্য আলোচনায় এলেও, অভয়নগরের এই ‘নেইমার’ কিন্তু স্বভাবগতভাবে অত্যন্ত শান্ত ও ভদ্র।

শান্ত প্রকৃতির হওয়ায় বেশিরভাগ সময়ই তাকে কোনো দড়ি ছাড়াই খামারের আশপাশে বুক ফুলিয়ে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায়।

খামারি নিরাঞ্জন পাড়ে জানান, নেইমারের প্রতিদিনের ডায়েট চার্টও বেশ রাজকীয়। তার খাদ্য তালিকায় থাকে খৈল, খড়, ভুট্টার গুঁড়া ও দেশি সবুজ ঘাস। পুষ্টির চাহিদা মেটাতে মাঝে মাঝে তাকে খুদ চালের গরম ভাতও মেন্যু হিসেবে দেওয়া হয়। সব মিলিয়ে এই তারকা ষাঁড়টি প্রতিদিন প্রায় দেড় হাজার টাকার খাবার গ্রহণ করে।

শুধু খাবারই নয়, নেইমারের লাইফস্টাইল দেখলে যে কেউ হিংসা করতে পারেন! তার আয়েশি ঘুমানোর জন্য গোয়ালঘরের মেঝেতে বিছানো হয়েছে নরম ও আরামদায়ক কার্পেট। তীব্র গরম থেকে স্বস্তি দিতে ২৪ ঘণ্টাই তার মাথার ওপর ঘোরে বৈদ্যুতিক ফ্যান এবং নিয়ম করে প্রতিদিন দুবার রাজকীয় গোসল করানো হয়।

খামারি নিরাঞ্জন পাড়ের স্ত্রী ইতি পাড়ে হাসিমুখে জানান, ছোটবেলা থেকেই এই ষাঁড়টিকে তারা নিজেদের সন্তানের মতোই পরম মমতায় বড় করেছেন। সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপায়ে লালন-পালন করায় এর স্বাস্থ্য যেমন ‘ফিট’, তেমনি এর মেজাজও খুব ‘কুল’।

গরুটির মালিক নিরাঞ্জন পাড়ে বাসসকে জানান, কোরবানির হাট শুরুর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আদরের নেইমার ‘ভাইরাল’ হয়ে গেছে। এই বিশালাকৃতির ষাঁড়টিকে একনজর দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে চড়ে কৌতূহলী মানুষ তার বাড়িতে ভিড় করছেন।

যশোর জেলা ও স্থানীয় পশুর হাটগুলোতে এবার বহু বড় গরুর সরবরাহ থাকলেও, রাজকীয় চলন আর সেলিব্রেটি চুলের কারণে এই ‘নেইমার’ ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img