আজ বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

বুধবার, এপ্রিল ২২, ২০২৬

মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় এনসিপির নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াত-এনসিপি জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলম মিতু। এছাড়াও মনোনয়ন পত্র জমা দিয়েছেন এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবসসুম।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে দলটির যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে এনসিপির নেতা সালেহ উদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র বলছে, মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি প্রশ্ন থাকায় বিকল্প প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতা জানান, মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এনসিপি নেত্রী মনিরা শারমিন ২০২৫ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরি থেকে পদত্যাগ করেন। ফলে সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন ওঠে।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরিতে থাকলে বা অবসর বা পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এই বিধান সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য।

সংশ্লিষ্টরা বলছেন, প্রার্থিতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকেই আসবে। পরিস্থিতি বিবেচনায় এনসিপি বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img