
দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা ও প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। এছাড়া প্রতি লিটার কেরোসিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা। মূল্যবৃদ্ধির আগে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা ও পেট্রোলের মূল্য ১১৬ টাকা ছিল।
শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আগামীকাল রোববার থেকেই নতুন দর কার্যকর হবে।
মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০.০০ টাকা এবং পেট্রোল ১৩৫.০০ টাকা দরে বিক্রি হবে। একইসঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫.০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০.০০ টাকা।
সবমিলিয়ে গত ১ ফেব্রুয়ারি নির্ধারিত দামের তুলনায় দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন সমন্বয়ে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুণতে হবে ভোক্তাকে।
অন্যদিকে প্রতি লিটার অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এতে লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা করা হয়েছে, যেখানে লিটারে ১৯ টাকা দাম বেড়েছে।



