
অতীতে যে কোনো ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়া যাবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মো. নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবে। তবে দুর্নীতি, চাঁদাবাজি বা সহিংস কর্মকাণ্ডে জড়িতদের জন্য দলের দরজা বন্ধ থাকবে বলেও স্পষ্ট করেছেন তিনি।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নতুন সদস্যদের দলে অন্তর্ভুক্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে সামনের দিনে এগোতে চাই।
নাহিদ ইসলাম বলেন, আজকে যারা আসছে আমরা মনে করি তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন। আমরা একসঙ্গেই ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারাদেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে আহ্বান জানাচ্ছি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন।
তিনি আরও বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এ জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে। সেই রায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।



