
ঢামেক প্রতিনিধি: রাজধানীর লালবাগের রসুলবাগের একটি বাসা থেকে শায়লা আক্তার (২২) নামের ইডেন কলেজের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কলেজ শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।
শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে। বাবার নাম আল আমিন শিকদার এবং মা লাকি বেগম। তিনি লালবাগের রসুলবাগ রোডের একটি বাড়ির ষষ্ঠতলায় সাবলেট থাকতেন।
শায়লার লাশের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপপরিদর্শক অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন, খুশবুর মাধ্যমে খবর পেয়ে বুধবার বিকেল পৌনে ৪টার দিকে লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।



